স্কুলের ইউনিফর্মে রক্ত, মুখে গামছা! ফরিদপুরে শিশুকে বর্বর নির্যাতন ,মামলা নেয়নি থানা!
- আপডেট সময় : ০৭:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 568
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মোহসিন খান (১১) বর্বর নির্যাতনের শিকার হয়েছে। ৮ মে সকালে স্কুলে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত প্রথমে তাকে ধরে বেধড়ক মারধর করে এবং পাশের নদীতে চুবিয়ে রাখে।
স্কুলে গিয়েও রক্ষা পায়নি মোহসিন
নির্যাতনের পর মোহসিন কোনোভাবে স্কুলে পৌঁছালেও সেখান থেকে আবারো তাকে জোর করে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। মুখে গামছা বেঁধে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষির পাশাপাশি লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। মোহসিন জানান, তার বাবার দায়ের করা মামলা তুলে নিতে হামলাকারীরা চাপ দেয় এবং মামলা না তুললে তাকে হত্যার হুমকি দেয়।
পুরনো ঘটনার প্রতিশোধেই শিশু নির্যাতন
মোহসিনের বাবা দেলোয়ার খান (৩৬) জানান, গত বছরের ১২ জুন তিনি এক যুবকের পরকীয়া সম্পর্ক নিয়ে আপত্তি জানানোর কারণে ইউপি সদস্য মনিরুজ্জামান আবেদের নেতৃত্বে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে ভয়াবহ নির্যাতন করা হয়। চোর আখ্যা দিয়ে কোমর থেকে পা পর্যন্ত পিটিয়ে থেতলে দেওয়া হয়। দীর্ঘ তিন মাস ঢাকা ও ফরিদপুরের ট্রমা সেন্টারে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হন।
আদালতে চলমান মামলার জেরেই শিশু নির্যাতনের অভিযোগ
মোহসিনের মা মিরা আক্তার (৩০) বলেন, তার স্বামীর উপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় ৯ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন, যা বর্তমানে আদালতে চলমান। ওই মামলাই তুলে নিতে ছেলেকে এই অমানবিক নির্যাতন করা হয়।
নির্যাতনের বিরুদ্ধে থানায় অভিযোগ, তবে মামলা হয়নি
এ ঘটনায় চিলারকান্দি গ্রামের রবিন শেখ (২০), শাহিন মল্লিক (২৫), উজ্জল শেখ (২৫), হাসিব মল্লিক (৪৯), হানিফ শেখ (৪৫)–এর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। তবে অভিযোগের পরেও থানায় এখনো পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পুনরায় হামলার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
পুলিশের বক্তব্য ও তদন্ত অগ্রগতি
ঘটনার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার এএসআই রেজাউল করিম জানান, তদন্তে শিশুটিকে মারধরের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, “এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন
সোমবার (১২ মে) দুপুরে চিলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্কুলছাত্র মোহসিনের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন। বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।




















