মার্চ ফর গাজা
ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকার জনস্রোত,কভার করলো টাইমস অব ইসরায়েল
- আপডেট সময় : ১০:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / 612
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় শনিবার লাখো মানুষ ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিক্ষোভকারীদের অনেককে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে প্রতীকীভাবে পেটাতে দেখা যায়।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)–এর বরাতে জানানো হয়, বিক্ষোভকারীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থান। আনুমানিক এক লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নেন। তাদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা এবং মুখে স্লোগান ছিল “ফ্রি ফ্রি ফিলিস্তিন”।
প্রতীকী প্রতিবাদ এবং আবেগঘন চিত্র
বিক্ষোভকারীদের অনেকেই ট্রাম্প, নেতানিয়াহু এবং মোদির ছবি পেটানোর মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন, যাদেরকে ইসরাইলের পক্ষে অবস্থান নেওয়ার জন্য দোষারোপ করা হয়। এ ছাড়া বিক্ষোভকারীরা প্রতীকী কফিন ও সাদা কাপড়ে মোড়ানো শিশুদের প্রতীকী মরদেহ বহন করে মানবিক বিপর্যয়ের চিত্র ফুটিয়ে তোলেন।
বিক্ষোভে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠন অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করে। এই বিক্ষোভ ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনগণের সহমর্মিতা ও আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ের পক্ষে অবস্থানের প্রতীক হয়ে উঠেছে।
প্রতিবেদনের শেষাংশে বলা হয়েছে, বাংলাদেশ প্রায় ১৭ কোটি জনসংখ্যার একটি মুসলিম প্রধান দেশ। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ইসরাইলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটি আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।


























