জনপ্রিয় সংগীত শিল্পী খালিদ মারা গেছেন
- আপডেট সময় : ০৯:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / 386
‘সরলতার প্রতিমা’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’ এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী ও চাইম ব্যান্ডের ভোকাল খালিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গ্রিনরোডের কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
খালিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও উপস্থাপক তানভীর তারেক। তিনি জানান, সন্ধ্যার পরে তিনি অসুস্থ বোধ করেন। বাসা থেকে তাকে দ্রুত রাজধানীর কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’—এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ। যার গান একসময় পাড়া-মহল্লার বিভিন্ন শ্রোতাদের মুখে মুখে থাকতো, বাজত বিপণিবিতানসহ বিভিন্ন দোকানে। তাকে আশির দশকে মানুষ চিনতো ‘চাইম’ ব্যান্ডের খালিদ নামে।
গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে চাইম ব্যান্ডে যোগ দেন তিনি।

























