জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার
- আপডেট সময় : ০৫:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / 163
মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দিয়েছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (৩ আগস্ট) দুপুর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষকসহ নানান শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (৩ আগস্ট) বেলা আড়াইটার পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন আন্দোলনকারীরা। তিনটার পরে শহীদ মিনার জনসমুদ্রে রূপ নেয়।
এসময় আন্দোলনকারীরা ‘আমার ভাই মরলো কেন? জবাব চাই জবাব চাই’; ‘বিচার চাই বিচার চাই, আমার ভাই হত্যার বিচার চাই’; ‘দিয়েছিতো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘দালালি না রাজপথ?, রাজপথ রাজপথ’; ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’; ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’; ‘এক দুই তিন চার, শেখ হাসিনা স্বৈরাচার’- প্রভৃতি স্লোগান দেন।

























