পাঁচ বিঘা জমি বেচে কিনেছিলেন রেডিও
আবুল কালাম মুহম্মদ আজাদ ও আরিফুল গনি সিরাজগঞ্জ থেকে
- আপডেট সময় : ০৪:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / 1247
প্রায় ৫৭ বছর আগে বাবার কেনা রেডিও হাতে ছেলে আলতাফ হোসেন। সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়ার রহিমাবাদ গ্রামে ছবি
ঘটনা ১৯৬৫ সালের! দেলোয়ার হোসেন মিঞা পাঁচ বিঘা জমি বেচে একটি রেডিও কিনলেন। আর ব্যাটারি কেনার জন্য বিক্রি করলেন আরও এক বিঘা জমি। অভাবের তাড়নায় সাত বছরের মাথায় আবার শখের সেই রেডিও বিক্রি করে দিলেন। তাঁর ছেলে আলতাফ হোসেন বাবার স্মৃতি হিসেবে ৫০ বছর পরে ২০২২ সালে সেই রেডিও বাড়িতে ফিরিয়ে এনেছেন।
অর্ধশতাব্দীর বেশি পুরোনো রেডিও দেখতে অনেকে এখন ভিড় করছেন আলতাফ হোসেনের বাড়িতে। কিন্তু তিনি রেডিও বাজাতে পারছেন না। রেডিওটি চালু করতে একসঙ্গে আটটা ব্যাটারি লাগে। এর দাম প্রায় ৪০০ টাকা। কিন্তু ওই টাকা খরচের সামর্থ্যও এখন নেই আলতাফের। কারণ, শখের মূল্য দিতে গিয়ে বাবা তাঁদের নিঃস্ব করে গেছেন। রেডিওটার গায়ে লেখা আছে নিপ্পন ইলেকট্রনিক কোম্পানি লিমিটেড, জাপান।

























