ফরিদপুরে কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা
- আপডেট সময় : ০৬:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 277
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কীটনাশক পান করে সাবিনা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মানসিক ভারসাম্যহীনতা ও পূর্বের আত্মহত্যার চেষ্টা:
জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন ওই গৃহবধূ এবং এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার স্বামীর নাম ফরিদুজ্জামান এবং তাদের গ্রাম চরডাঙ্গা, যা আলফাডাঙ্গা থানার অন্তর্গত।
গত ২৮ মার্চ সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে তিনি বসতবাড়ির পশ্চিম পোতার ঘরের দক্ষিণ পাশের রুমে ঘাস মারার কীটনাশক ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
এরপর আশপাশের লোকজন টের পেয়ে তাকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর থেকে তাকে ঢাকায় রেফার করা হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল রবিবার ২৯ মার্চ রাত আনুমানিক এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালে নেওয়ার সময় রাত ১১টা ৪৫ মিনিটে পথেই তিনি মারা যান।
এরপর মৃতদেহটি ঢাকা থেকে আলফাডাঙ্গা নিজ বাড়িতে নিয়ে আসা হয় এবং বর্তমানে সেটি তার স্বামীর বাড়িতে রয়েছে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।











