ফরিদপুরে ‘সরকারবিরোধী’ কর্মকাণ্ডে জড়িত ছাত্রলীগ সভাপতি: মিম গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 1236
ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি মশিউর রহমান মিমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) রাত ১১টার দিকে তাকে আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে “শেখ হাসিনাতেই আস্থা” লেখা সম্বলিত লিফলেট বিতরণের ঘটনায় মিম সরাসরি জড়িত ছিলেন। এই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “নিষিদ্ধ সংগঠনের সভাপতি মশিউর রহমান মিম সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড এবং ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণের সাথে সম্পৃক্ত।” আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

















