মধুখালীতে দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ
- আপডেট সময় : ০৭:২৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 248
ইসলামী ছাত্রশিবিরকে একটি ভয়ঙ্কর সংগঠন হিসেবে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, জামায়াত আজ পর্যন্ত একাত্তরের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কোথাও ক্ষমা চায়নি। তারা ক্ষমা চায়নি, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না।
তিনি আরও বলেন, এই জামায়াত এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। তিনি জামায়াত ও শিবির থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা মাল্টিপারপাস হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মধুখালীর সনাতন ধর্মাবলম্বীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
উপজেলার দেড় শতাধিক পূজা মণ্ডপের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার গ্রহণ করেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মধুখালী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাস-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু-এর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহাবুদ্দীন আহমেদ সতেজ, আব্দুর রহিম ফকির, হায়দার আলী মোল্লা, আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম ফকির, সদস্য সচিব মোঃ কামরুজ্জামান মিন্টু, সদস্য কনক হাসান মাসুদ, ফরিদুল ইসলাম সাগর ও ইয়াসিন বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন ও সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান ও সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন-সহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।





















