স্কুলছাত্রী যৌন নিপীড়নের দায়ে বাবা-ছেলে গ্রেফতার
- আপডেট সময় : ১০:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / 365
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্কুলছাত্রীকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে প্রতিবেশী কিশোর দুর্জয় বেগ (১৬) ও তার বাবা মো. রোকন বেগকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মেয়েটি বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সেখানে আগে থেকেই ওতপেতে ছিল দুর্জয়। ওই স্কুলছাত্রীর কাছে এলে তাকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন। এ সময় দুর্জয়ের এক বন্ধু বিষয়টি মুঠোফোনে ভিডিও ধারণ করে। পরে স্থানীয় কয়েকজন এগিয়ে গেলে তারা দৌড়ে পালায়। মেয়েটি কান্নাকাটি করে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে ওই কিশোরের বাড়িতে গিয়ে তার বাবা রোকনের কাছে এ ঘটনার বিচার চাইলে উলটো মেয়েটির পরিবারের সদস্যদের সঙ্গে বাজে ব্যবহার করেন তিনি।
আইনি পদক্ষেপ ও পুলিশের ভূমিকা:
এ ঘটনার পর গ্রামের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওই কিশোরের বাড়িতে হামলা চালানোর প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ লোকজনদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে মেয়েটির বাবা ওই দিন দুপুরে মামলা করেন। মামলায় দুর্জয় ও তার বাবাকে আসামি করা হয়। পুলিশ বিকালে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। মেয়েটির বাবা বলেন, আমার মেয়েকে ওই বখাটে শ্লীলতাহানি করেছে। বিচার চাইতে গেলে তার বাবা উলটো ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়। এ ঘটনার মামলা হয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করেছে। আমি তাদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মামলার দুই আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।





















