সংবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না: তারেক রহমান
- আপডেট সময় : ০৯:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 194
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদকে সংবিধান বা লিখিত কোনো বিধি-বিধান দিয়ে ঠেকানো যায় না। রাষ্ট্র ও রাজনীতিতে ফ্যাসিবাদকে রুখতে হলে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্র ও জনগণের শক্তি
তারেক রহমান বলেন, সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের যে চর্চা, সেই চর্চার মধ্য দিয়েই রাষ্ট্র এবং জনগণ শক্তিশালী হয়ে ওঠে। তিনি আরও বলেন, যদি নানারকম শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করা হয়, তাহলে গণতন্ত্রের উত্তরণ সংকটে পড়বে।
ঐক্য ও কাজের রাজনীতি
ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ ঘোচানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, একাত্তর ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর চব্বিশ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পতনের পর এখন যদি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো নিজেদের মধ্যে অপ্রয়োজনীয় বিতর্কে লিপ্ত হয়, তাহলে তা শহীদদের আত্মত্যাগের অবমাননা হবে। তিনি গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক দেশ গড়ার মাধ্যমেই শহীদদের রক্তের ঋণ শোধ করার আহ্বান জানান।
তিনি কথার রাজনীতি বাদ দিয়ে কাজের রাজনীতিতে মনোযোগী হওয়ার প্রতি জোর দেন। তিনি বলেন, প্রচলিত প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের মাধ্যমে রাজনীতির গুণগত পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন যা জনমনে বিরূপ ধারণা তৈরি করতে পারে।

























