আওয়ামী লীগও নির্বাচনে অংশ নিক: মির্জা ফখরুল
- আপডেট সময় : ১২:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 343
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি ভারতের কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবার ভোটে আসা উচিত।
ড. ইউনূস ও সেনাপ্রধানের ভূমিকা: ‘ফেব্রুয়ারিতেই ভোট হবে’
মির্জা ফখরুল জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ–জামান দু’জনই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আন্তরিক। তিনি বলেন, “আগস্টের ৫ তারিখে ড. ইউনূস নির্বাচনের দিন ঘোষণা করলেন। তার আগের দিন রাতে ইউনূস সাহেবের বাসভবনে তার ও সেনাপ্রধানের সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়।”
তিনি আরও বলেন, সেনাপ্রধান চান নির্বাচন করিয়ে বাহিনী এবার ব্যারাকে ফিরুক। অন্যদিকে, ড. ইউনূসও ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান। সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইউনূসের একটি স্পষ্ট বার্তা তুলে ধরেন: “ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না।”
জামায়াত, এনসিপি ও অন্যান্য দল
সাক্ষাৎকারে মির্জা ফখরুল জামায়াতে ইসলামীর বিষয়ে বলেন, জামায়াত ৩০টি আসন চেয়েছিল, কিন্তু বিএনপি তাতে উৎসাহ দেখায়নি। তিনি বলেন, “আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না।” তবে তিনি জানান, জামায়াত প্রচলিত পদ্ধতিতেই নির্বাচনে অংশ নেবে।
অন্যদিকে, এনসিপিকে তিনি কোনো রাজনৈতিক শক্তি হিসেবেই বিবেচনা করেন না বলে মন্তব্য করেন। তিনি বলেন, “এনসিপির এখন একমাত্র লক্ষ্য, বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া।”
আওয়ামী লীগ প্রসঙ্গে
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক—এমন চাওয়ার কারণে তাকে অনেকে ‘আওয়ামীর দালাল’ বলে গালাগাল দিচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, “শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব।”
ভারত প্রসঙ্গে
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে মির্জা ফখরুল বলেন, “ভারত মুক্তিযুদ্ধের সহযোগী। সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই।” তবে তিনি ভারতের শাসকদের সমালোচনা করে বলেন, তারা বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক, মধ্যপন্থী ও গণতান্ত্রিক দল এবং জামায়াতের সঙ্গে তার দলের রাজনীতি এক নয়।

























