দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ১২:০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / 37
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৭ মে) এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। তারেক রহমান বলেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারো হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।”
কুরবানির আসল তাৎপর্য:
ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কুরবানি শুধু পশু জবাই করা নয়; বরং মানুষের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কুরবানির আসল মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে সৃষ্টিকর্তার কাছে সমর্পণের এই উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে এবং সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে—এটিই হোক পবিত্র কুরবানির অন্যতম শিক্ষা।
মাংস ভাগাভাগি ও বর্জ্য অপসারণের আহ্বান:
তারেক রহমান বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যাদের আল্লাহ এ বছর কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, তাদের প্রতি আমার বিনীত আবেদন—যাদের পশু কুরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, তাদের সঙ্গে কুরবানির মাংস ভাগাভাগি করে নিন। এটিও কুরবানির অন্যতম মহান শিক্ষা।”
পাশাপাশি পরিবেশ সুরক্ষার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কুরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কুরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন, যাতে কুরবানির দিনেই সংশ্লিষ্ট স্থানগুলো দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলা যায়।”
বিশ্ব শান্তির জন্য প্রার্থনা:
ভিডিও বার্তার শেষাংশে তিনি বলেন, “পবিত্র এই ঈদে কায়মনোবাক্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে প্রার্থনা করছি।”
বক্তব্যের ইতি টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও সবাইকে ‘ঈদ মুবারক’ জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।


























