দেশে ফিরলেন তারেক রহমান
- আপডেট সময় : ১২:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 152
দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়।
ঐতিহাসিক প্রত্যাবর্তন:
বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দীর্ঘ ১৮ বছর পর তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় লাখো নেতাকর্মীর ঢল নেমেছে।
স্মরণকালের বৃহত্তম সংবর্ধনা:
তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ‘স্মরণকালের সবচেয়ে বড়’ গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সেখানে তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এই সংবর্ধনা স্থলে যোগ দেবেন। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ৩০০ ফিট হাইওয়ে এলাকায় জড়ো হতে শুরু করেন।
উদ্বেলিত নেতাকর্মীরা:
পুরো রাজধানী এখন ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে। নেতাকর্মীদের গগণবিদারী ‘লিডার আসছে’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

























