থানায় ঢুকে পুলিশকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০৬:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / 1037
কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত বাহাদুর হোসেন বাদল (১৯) নামের এক যুবককে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার বিবরণ:
গ্রেপ্তার বাহাদুর হোসেন বাদল থানা সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম, তিনি ওই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
থানা সূত্রে জানা গেছে, বাদল নিয়মিত তার গরু নিয়ে থানার বাউন্ডারির ভেতরে প্রবেশ করত। গরুগুলো থানার বিভিন্ন ফুল ও ফলের গাছ নষ্ট করায় পুলিশ তাকে বেশ কয়েকবার নিষেধ করে। কিন্তু সেই নিষেধ অমান্য করে মঙ্গলবার দুপুরেও সে একাধিক গরু নিয়ে থানার ভেতরে ঢুকে পড়ে।
হামলার সূত্রপাত:
বিকেলে বাদল গরু নিয়ে থানার মূল গেট দিয়ে বের হওয়ার সময় কনস্টেবল শরিফুল ইসলাম তাকে আবারও নিষেধ করেন। এতে বাদল চরম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার হাতে থাকা দা দিয়ে শরিফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে শরিফুলের মাথায় কোপ লাগলে তিনি গুরুতর জখম হন। এসময় উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে বাদলকে আটক করে এবং আহত শরিফুলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
পুলিশের ভাষ্য:
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম জানান, বাদলকে গত কয়েক বছর ধরে গরু নিয়ে প্রবেশে নিষেধ করা হলেও সে তা তোয়াক্কা করত না। আজ কথা কাটাকাটির একপর্যায়ে সে পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।




















