স্ত্রীসহ মাদুরোকে তুলে নিয়েছে মার্কিন সেনারা: ট্রাম্প
- আপডেট সময় : ০৮:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / 356
বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার ওপর এক ব্যাপক অভিযান চালিয়েছে এবং মাদুরো দম্পতিকে আটক করে সরিয়ে নেওয়া হয়েছে।
অভিযান নিয়ে ট্রাম্পের বক্তব্য:
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদকের সঙ্গে এক সংক্ষিপ্ত টেলিফোন আলাপে ট্রাম্প এই অভিযানের সাফল্য উদযাপন করেন। তিনি বলেন, “এটি ছিল একটি অসাধারণ পরিকল্পনা এবং অত্যন্ত চমৎকার একটি অভিযান। এতে আমাদের দক্ষ সেনা ও সাধারণ মানুষ জড়িত ছিল।” অভিযানটি এতটাই নিখুঁত ছিল যে একে ‘চমৎকার’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
তবে এই হামলার আগে মার্কিন কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ট্রাম্প জানান, বেলা ১১টায় মার-আ-লাগো থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিস্তারিত জানাবেন। প্রতিবেদক জানান, কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা ক্লান্ত লাগছিল।
ভেনেজুয়েলার পাল্টা সামরিক ঘোষণা:
এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে ভেনেজুয়েলা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “তারা আমাদের ওপর আক্রমণ করেছে ঠিকই, কিন্তু আমাদের দমন করতে পারবে না। পুরো দেশ মাদুরোর নির্দেশেই চলছে।”
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী দেশটির নাগরিকদের এই ‘আগ্রাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। মাদুরোকে আটকের দাবির পর দক্ষিণ আমেরিকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।


























