ফরিদপুরে স্কুলছাত্রীকে ভুট্টাক্ষেতে ধর্ষণ: জিহাদ গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 744
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি জিহাদ খানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দিনগত রাতে মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জিহাদ খান উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের হাশেম খানের ছেলে।
লোমহর্ষক ঘটনার বিবরণ:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ মে) দুপুরে স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল ওই শিশু। পথিমধ্যে বিলমামুদপুর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা জিহাদ শিশুটির মুখে বিষাক্ত রাসায়নিক স্প্রে করে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে পাশের একটি ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করে।
কিছুক্ষণ পর মসজিদের আযানের শব্দে শিশুটির জ্ঞান ফিরলে সে পাশে অভিযুক্ত জিহাদকে দেখতে পায়। এ সময় শিশুটি ঘটনাটি সবাইকে বলে দেওয়ার কথা জানালে, জিহাদ তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ভয় উপেক্ষা করে শিশুটি পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয় এবং বিস্তারিত খুলে বলে।
মামলা ও বর্তমান অবস্থা:
ঘটনাটি জানাজানি হওয়ার পর নির্যাতিতা শিশুটির মা বাদী হয়ে ওই দিনই কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ভুক্তভোগী শিশুটি বর্তমানে আশঙ্কাজনক ও অসুস্থ অবস্থায় ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশের অভিযান:
এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, ঘটনার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেফতার করতে দেশের বিভিন্ন প্রান্তে সাঁড়াশি অভিযান শুরু করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার তিন দিনের মধ্যে মাদারীপুরের শিবচর এলাকা থেকে আসামি জিহাদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে আজ (রবিবার) আদালতে সোপর্দ করা হবে।




















