ফরিদপুরে কঠোর নিরাপত্তার মাঝেই কেক কাটলো নিষিদ্ধ ছাত্রলীগ
- আপডেট সময় : ১০:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 313
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকে ফরিদপুরে যখন সেনাবাহিনী মোতায়েনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, ঠিক তখনই জেলা শহরে গোপনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। সোমবার (২২ জুন) রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে।
গভীর রাতে মাস্ক পরে কেক কাটা:
অনুসন্ধানে জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ৪০ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের পক্ষে সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করে। রাত ১২টা ১ মিনিটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা কেক কাটে। এ সময় আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বা পরিচয় লুকাতে অংশগ্রহণকারী সবার মুখে মাস্ক পরা ছিল। ভিডিওতে তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়।
এই গোপন কর্মসূচির বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, তিনি ফোন রিসিভ করেননি।
বিশেষ সতর্ক দৃষ্টিতে ফরিদপুর, মাঠে সেনাবাহিনী:
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা সৃষ্টির আশঙ্কা থেকে ফরিদপুর জেলাকে বিশেষ সতর্ক দৃষ্টিতে রেখেছে সরকার। জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সোমবার (২২ জুন) থেকেই ফরিদপুরে প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী এখানে মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে ফরিদপুরসহ দেশের গুরুত্বপূর্ণ ৬টি অঞ্চলে ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় সেনাবাহিনী মোতায়েনের এই নির্দেশ দেওয়া হয়।
প্রশাসন ও পুলিশের সর্বোচ্চ সতর্কতা:
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো ধরনের অবনতি না ঘটে এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো যায়, সেজন্যই এই আগাম ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ফরিদপুরের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আকস্মিক বিশৃঙ্খলা এড়াতে পুরো জেলাজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন প্রবেশপথ ও কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের বিশেষ পিকেট, তল্লাশি ও কড়া চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজর রাখা হচ্ছে।



















