ফরিদপুরে এসকাফ সিরাপসহ নারী আটক
- আপডেট সময় : ০৩:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 106
ফরিদপুর শহরের শোভারামপুর বটতলা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ পারভীন (৩৭) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বুধবার (২৪ জুন) সকালে তার নিজ বসতবাড়ি থেকে এই মাদক উদ্ধার করা হয়।
ড্রেসিং টেবিলের ড্রয়ারে ছিল মাদক:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ফরিদপুর কোতোয়ালী থানাধীন শোভারামপুর বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন পারভীনকে আটক করে তার বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
পরবর্তীতে ব্যাপক তল্লাশির একপর্যায়ে তার শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ক্ষতিকারক কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সমৃদ্ধ ৫ বোতল (মোট ৫০০ মিলিলিটার) নিষিদ্ধ ভারতীয় ‘এসকাফ’ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়।
থানায় নিয়মিত মামলা দায়ের:
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজ উদ্দিন বাদী হয়ে আটককৃত নারীর বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, জেলাজুড়ে মাদকের ভয়াবহ বিস্তার রোধে এই ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, চোরাচালান কিংবা সেবনের সঙ্গে সরাসরি জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।



















