গুলশানে গুলি করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
- আপডেট সময় : ০১:১৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / 447
রাজধানীর গুলশানে প্রকাশ্যে গুলি করে এক রিকশাচালককে আহত করা ব্যক্তি স্বেচ্ছাসেবক লীগের নেতা। অভিযুক্ত নেতার নাম আব্দুল ওয়াহিদ ওরফে মিন্টু। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
তার ছোড়া গুলিতে আহত রিকশাচালক আমিনুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ বলছে, আব্দুল ওয়াহিদের অস্ত্রটি বৈধ। ২০২৪ সাল পর্যন্ত সেটার লাইসেন্স রয়েছে।
ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ দৈনিক বাংলাকে বলেন, ‘ওয়াহিদ আমাদের হাতে আটক রয়েছে। এ ঘটনায় আমরা জড়িত তিনজনকেই হেফাজতে নিয়েছি। ওই আগ্নেয়াস্ত্রের বৈধতাও রয়েছে। প্রাথমিক তদন্ত করে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া দৈনিক বাংলাকে বলেন, গুলশানের ঘটনা শুনেছি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখব। যদি তার ব্যক্তিগত বিষয় হয় তাহলে সে দায় সংগঠন নেবে না। সংগঠন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
রোববার বিকেলে গুলশান ১ নম্বরে গ্লোরিয়া জিন্স ক্যাফের পাশে ওই গুলির ঘটনা ঘটে।
আরিফ নামের এক প্রতারক তিন ধাপে বিকাশ দোকানদার হাবিবুর রহমান হালিমের কাছে থেকে ৭৫ হাজার টাকা পাঠান। পরবর্তী সময়ে টাকা দিবেন না বলে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন আরিফকে আটকে রাখলে, আরিফ নিজেকে উদ্ধার করতে ওয়াহিদকে ফোন করেন। ওয়াহিদ ৪-৫ জনকে সঙ্গে করে এসে আরিফকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু ওয়াহিদ নিজেই তোপের মুখে পড়লে প্রকাশ্যে পিস্তল বের করে ফাঁকা গুলি করেন। তাতে আহত রিকশাচালক আমিনুল ইসলাম। তার পায়ে গুলি লাগে। পরে পুলিশ এসে ওয়াহিদকে আটক করে।
পরে আহত আমিনুলকে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।


























