নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২, আহত বহু
- আপডেট সময় : ০১:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / 229
নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার মোহিনীপুর গ্রামে হওয়া এ সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও একই গ্রামের বারেক হাজির ছেলে বাশার (৩৫)। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সঙ্গে একই ইউনিয়নের বিএনপির সভাপতি সামসু মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে বিএনপি নেতা সামসু মেম্বার ও তার সমর্থকদের এলাকা ছাড়া করান সামসু মিয়া। ৫ আগস্টের পর সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকায় ফিরে আসে। এরপর দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। দুপক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনাও ঘটে। এরপর সালাম মিয়ার সমর্থকদের এলাকা ছাড়া করে বিএনপি নেতা সামসু মেম্বার। শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চায়। এতে বাধা দেয় সামসু মেম্বার ও তার লোকজন। পরে টেঁটা, বল্লম দা, ছুরি, ককটেল ও বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে এবং টেঁটা ও ছুরিকাঘাতের আঘাতে দুজন প্রাণ হারান। আহত হয় উভয়পক্ষের বেশ কয়েকজন।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে এলাকাটি দুর্গম চরাঞ্চল হওয়ায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেনি পুলিশ। রায়পুরা থানার ডিউটি অফিসার এসআই জুবায়ের বলেন, ‘সংঘর্ষে দুজনের নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।’ রায়পুরা থানার ওসি আদিল মাহামুদ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামসু মেম্বার ও সালাম মিয়ার কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ শুরু করেছে।’
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

























