আবেইতে ইউএন হামলায় ৬ বাংলাদেশি সেনাবাহিনীর নিহত
- আপডেট সময় : ১১:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 433
সুদানের বিতর্কিত আবেই অঞ্চলে সন্ত্রাসীদের দ্বারা জাতিসংঘ (ইউএন) শান্তিরক্ষা ঘাঁটিতে বর্বরোচিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন বীর শান্তিরক্ষী নিহত হয়েছেন। একই ঘটনায় সেনাবাহিনীর আরও আটজন সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, আবেই এলাকায় পরিস্থিতি এখনো অত্যন্ত অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সংঘর্ষ চলমান রয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, আহত শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও দ্রুত উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এমন ন্যাক্কারজনক হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রাণহানির ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে দ্রুতই জানানো হবে বলেও আইএসপিআর বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।
এই মুহূর্তে সেখানে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কঠিন পরিস্থিতির মধ্যেও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছেন।















