বিমানবাহিনীতে আসছে অত্যাধুনিক ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান
- আপডেট সময় : ১০:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 381
বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির মাল্টিরোল যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’। এই যুদ্ধবিমান সংগ্রহের উদ্দেশ্যে ইতালির শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ (Leonardo S.p.A)-এর সঙ্গে একটি ‘লেটার অব ইনটেন্ট’ (LOI) বা প্রাথমিক সম্মতিপত্র স্বাক্ষর করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার বিমানবাহিনী সদর দপ্তরে এই গুরুত্বপূর্ণ প্রাথমিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগসহ দুই দেশের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমানগুলো দেশের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হবে এবং বাহিনীর ‘ফ্রন্টলাইন ফ্লিট’-এর অংশ হবে। এই যুদ্ধবিমানগুলো নতুন প্রজন্মের এবং বহুমুখী যুদ্ধ সক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত।
কর্তৃপক্ষ আরও জানায়, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং শক্তিশালী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে বিমানবাহিনী প্রধানকে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। সে সময় প্রাথমিকভাবে চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা চলছিল, যার জন্য সম্ভাব্য ২.২ বিলিয়ন মার্কিন ডলার বাজেট ধরা হয়েছিল।
প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ওয়ারপাওয়ারবাংলাদেশ ডটকমের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর হাতে মোট ২১২টি আকাশযান রয়েছে, যার মধ্যে ৪৪টি হচ্ছে যুদ্ধবিমান।
















