প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৩:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 612
পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিরু মোল্লা (৬৫) নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বিরু মোল্লা কামালপুর মোল্লাপাড়া গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে। তিনি লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবারের অভিযোগ: নিহতের পরিবার ও স্বজনরা এই হত্যাকাণ্ডের জন্য বিরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লাকে অভিযুক্ত করেছেন। নিহতের ছেলে রাজিব মোল্লা জানান, দীর্ঘদিন ধরে জহুরুল মোল্লা তাঁদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। মঙ্গলবার রাতে জহুরুল আবারও চরের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করেন। সকালে বিরু মোল্লা ও তাঁর ছেলে এই ঘটনার প্রতিবাদ জানাতে জহুরুলের বাড়িতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জহুরুল ক্ষিপ্ত হয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালালে ঘটনাস্থলেই বিরু মোল্লা নিহত হন।
পুলিশের বক্তব্য: ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত জহুরুল মোল্লা পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

















