ফরিদপুরে জামাইবাড়িতে ডেকে নিয়ে যুবককে হত্যা
- আপডেট সময় : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 692
ফরিদপুরের বোয়ালমারীতে শ্বশুরবাড়িতে মোটরসাইকেল আনতে গিয়ে রবিউল ইসলাম (৩৬) নামে এক যুবক খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) দিনগত রাত আটটার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম মাগুরার মহম্মদপুর উপজেলার দিঘা ইউনিয়নের সিন্দাইন গ্রামের গোলাম সরোয়ারের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন এবং তার এগারো বছরের একটি ছেলে রয়েছে।
ঘটনার পটভূমি:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের সাইদ মোল্লার মেয়ের সঙ্গে বোয়ালমারীর ময়না ইউনিয়নের হাটখোলার চর গ্রামের হানিফ শেখের ছেলে শহিদুল শেখের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দিলে শহিদুলের স্ত্রী বাবার বাড়ি চলে যান। এর আগে শহিদুল তার শ্যালকের একটি মোটরসাইকেল এনে অন্যত্র বন্ধক রাখেন।
মঙ্গলবার দুপুরে সেই মোটরসাইকেল আনতে সাইদ মোল্লা ও তার প্রতিবেশী রবিউল ইসলাম বোয়ালমারীতে আসেন। এ সময় মোটরসাইকেল নিয়ে বাগ্বিতণ্ডা হলে তারা ফিরে যান। কিন্তু বিকেলে তাদের মোটরসাইকেল দেওয়ার কথা বলে পুনরায় বাড়ি ডেকে আনা হয়।
পরিকল্পিত হত্যার অভিযোগ:
নিহতের বোন শম্পা বেগম ও পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। সাইদ মোল্লার সঙ্গে যাওয়া রবিউল ইসলামকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা গোলাম সরোয়ার বলেন, “সাইদ মোল্লা আমার ছেলেকে তার মেয়ের জামাইয়ের বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে তাকে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।”
পুলিশের বক্তব্য:
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা সার্কেল) মো. আজম খান জানান, শহিদুল তার শ্বশুরবাড়ির একটি মোটরসাইকেল আটকে রেখেছিল। সেটি নিতে গেলে প্রথমে দেওয়া না হলেও পরে তাদের ফোন করে ডেকে আনা হয়।
তিনি আরও জানান, নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাস্থলের পাশে একটি প্রাইভেটকার দুর্ঘটনায় পড়ার বিষয়টিসহ পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















