দলবদল করেও শেষ রক্ষা নেই: ফরিদপুরে যৌথ বাহিনীর খাঁচায় আ.লীগ নেতা
- আপডেট সময় : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 1075
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান মাতুব্বরকে (৬৬) আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মান্নান মাতুব্বর উপজেলার ময়েনদিয়া বাজার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার ও সংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ও দলবদল স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান মাতুব্বর গত প্রায় ১৮ মাস ধরে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। ফলে পরিষদের প্রশাসনিক কাজে স্থবিরতা তৈরি হয়। গত ১৪ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে তিনি রাজনৈতিক ভোল পাল্টে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন। তার দীর্ঘ অনুপস্থিতির কারণে সদস্যদের সম্মতিতে রানী বেগমকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সংঘর্ষ ও আধিপত্য বিস্তারের অভিযোগ পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনের পর ময়েনদিয়া বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান মাতুব্বরের অনুসারীদের সঙ্গে প্রতিপক্ষ জিহাদ গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়। এসব ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও রয়েছে। অভিযোগ উঠেছে, নেপথ্যে থেকে মান্নান মাতুব্বরই এসব হামলার নেতৃত্ব দিচ্ছিলেন।
পুলিশ ও প্রশাসনের বক্তব্য ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান:
“ময়েনদিয়া বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আব্দুল মান্নান মাতুব্বরকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, চেয়ারম্যান আটক হলেও ইউনিয়ন পরিষদের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। বর্তমানে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন এবং দাপ্তরিক কাজ স্বাভাবিক রয়েছে।
এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।




















