মঞ্চে এনসিপি কেন? ফরিদপুরে দুই দলের সংঘর্ষ, নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বিএনপি নেতা
- আপডেট সময় : ০৯:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 1238
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে এনসিপি নেতাকে মঞ্চে বসানো নিয়ে বিএনপি নেতা-কর্মীরা চরম হট্টগোল সৃষ্টি করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার আজিমনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার সূত্রপাত
সৎসংঘ সামাজিক উন্নয়ন সোসাইটি আয়োজিত এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে এনসিপির উপজেলা আহ্বায়ক মো. আশরাফ হোসেনকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বিএনপি’র উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মঞ্চের সামনে বসিয়ে রাখা হয়। এতে অপমানিত বোধ করে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি নেতা-কর্মীরা। তারা উত্তেজিত হয়ে ঐক্যবদ্ধভাবে আশরাফ হোসেনকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং অনুষ্ঠান পণ্ড করতে হট্টগোল শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ও আয়োজকরা চেষ্টা করলেও বিএনপি নেতা-কর্মীরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আশরাফ হোসেনের ওপর হামলা চালানো হলে ইউএনও তাকে রক্ষা করতে এগিয়ে আসেন এবং নিজেও তোপের মুখে পড়েন।
মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত
খবর পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি পরিস্থিতি শান্ত করেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিএনপি ও এনসিপি নেতাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটান। এরপর তার উপস্থিতিতেই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হলেও পরবর্তীতে শহিদুল ইসলাম বাবুল খানের নেতৃত্বে বিষয়টির অবসান হয়েছে।
এনসিপির আহ্বায়ক মো. আশরাফ হোসেন বলেন, ইউএনও পাশে থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন।





















