ফরিদপুর: শিশু ধর্ষণচেষ্টার অপরাধে বৃদ্ধের ৫ বছরের জেল
- আপডেট সময় : ০৫:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 228
ফরিদপুরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শমসের মোল্লা (৬০) নামে এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ঘটনার বিবরণ ও মামলার এজাহার
দোষী সাব্যস্ত শমসের মোল্লা রাজবাড়ীর বসন্তপুর উপজেলার হাট জয়পুর গ্রামের করিম মোল্লার ছেলে। এই ঘটনাটি ঘটেছিল ফরিদপুর কোতোয়ালী থানা এলাকায়।
ঘটনা: মামলার এজাহার সূত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন ফতেপুর গ্রামের এক শিশু বাড়ির পাশে রাস্তার ওপর খেলা করছিল। আসামি শমসের মোল্লা শিশুটিকে ডেকে পাশের ঘাসক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
যেভাবে রক্ষা: এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে আসামি শমসের মোল্লা তখন পালিয়ে যান।
রাষ্ট্রপক্ষের সন্তুষ্টি
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন এই রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষ মামলার এই রায়ে সন্তুষ্ট।





















