পুলিশের সামনেই তান্ডব, ফরিদপুরের কুখ্যাত মাদকসম্রাট রিমন শরীফ গ্রেফতার
- আপডেট সময় : ১২:০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / 918
ফরিদপুরের মধুখালীতে সাংবাদিক এস.এম. আকাশকে গলায় কাচি ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী রিমন শরীফকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ। গ্রেপ্তারের সময় সে পুলিশের সামনেই প্রকাশ্যে ওই সাংবাদিক ও তার ছেলেকে হত্যার হুমকি দেয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমনোহরদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বাড়ির রাস্তা নিয়ে দ্বন্দ্ব ও পুরোনো হুমকি
সংবাদকর্মী এস.এম. আকাশের সঙ্গে রিমন শরীফের দ্বন্দ্বের মূল কারণ একটি পারিবারিক বিরোধ ও মাদক ব্যবসা। আকাশ জানান, রিমন তার চাচাতো ভাই। রিমন মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ইজিবাইক নিয়ে আকাশের পৈতৃক ও ক্রয়কৃত বাড়ির ভেতর দিয়ে জোর করে যাতায়াত করে। এই বিষয়টি পুলিশকে জানানোর পর থেকেই রিমন তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এর আগে রিমন তাকে গলায় কাচি ঠেকিয়ে জবাই করে হত্যার হুমকিও দিয়েছিল।
প্রকাশ্যে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক
গতকাল রাতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর পুলিশ ভ্যানে তোলার সময়ও রিমন শরীফ পুলিশের সামনেই উচ্চস্বরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সে বারবার বলতে থাকে, “জেল থেকে বেরিয়ে আগে তোরে আর তোর ছেলেরে ঝেড়ে দেব।”
এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে সাংবাদিক এস.এম. আকাশ বলেন, “রিমন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পুলিশের সামনেই সে আমাকে ও আমার ছেলেকে হত্যার হুমকি দিয়েছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।”
পুলিশের বক্তব্য
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, মাদকবিরোধী অভিযানে রিমন নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা জানতে পেরেছি আসামি রিমন পুলিশের সামনে সাংবাদিক এস. এম. আকাশকে হত্যার হুমকি দিয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।” ওসি আরও জানান, তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





















