ফরিদপুরে এনসিপির নতুন কমিটি থেকে ডা. শুভ’র পদত্যাগ
- আপডেট সময় : ১২:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 575
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা কমিটি থেকে ডা. সালেহ আহমেদ শুভ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার দিনগত রাতে তিনি জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পাঠানো পদত্যাগপত্রে এ সিদ্ধান্তের কথা জানান। একই দিনে রনি মোল্যা নামে কমিটির আরেক সদস্যও পদত্যাগ করেন।
⬤ পদত্যাগপত্রের ব্যাখ্যা
পদত্যাগপত্রে ডা. সালেহ আহমেদ শুভ জানান, তিনি ফরিদপুরে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এনসিপির রাজনীতির সঙ্গে কখনোই জড়িত ছিলেন না। ৮ ডিসেম্বর রাতে ঘোষিত জেলা কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব করা হলেও বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে জানতেন না। তাঁর সঙ্গে কোন আলোচনা বা সম্মতিও নেওয়া হয়নি।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, কোনো রাজনৈতিক কার্যক্রমে তিনি জড়িত নন, তাই উক্ত পদ গ্রহণের কোনো ইচ্ছা বা সুযোগ নেই। ফলে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
⬤ ডা. শুভর বক্তব্য
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ডা. সালেহ আহমেদ শুভ বলেন, “আমি একজন চিকিৎসক। কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই। কে আমার নাম কমিটিতে যুক্ত করেছে তাও জানি না। বিষয়টি জানার পরই পদত্যাগপত্র পাঠিয়েছি।”
⬤ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ব্যর্থ
এ বিষয়ে জানতে ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু ঠাকুরের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
⬤ কমিটির অভ্যন্তরীণ প্রতিক্রিয়া
ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম জাহিদ বলেন, “রনি মোল্লা ও ডা. সালেহ আহমেদ শুভ পদত্যাগ করেছেন বলে জেনেছি। এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে জোরাজুরির কিছু নেই।”
⬤ কমিটি অনুমোদনের প্রেক্ষাপট
উল্লেখ্য, সোমবার দিনগত রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়।











