রাজেন্দ্র কলেজে হল সংস্কারের টাকায় অধ্যক্ষের বাসা মেরামতের অভিযোগ
- আপডেট সময় : ০৯:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 403
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের একটি আবাসিক হলের জরাজীর্ণ অবস্থা এবং সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থ নিয়ে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তারা বলছেন, জীবনের ঝুঁকি নিয়ে বাস করলেও হল সংস্কার না করে অধ্যক্ষ তার নিজের বাসভবন মেরামত করেছেন।
শিক্ষার্থীদের মূল অভিযোগ ও মানববন্ধনে সংহতি
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কলেজের প্রশাসনিক ভবনের সামনে কবি নজরুল হলের শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেন। তারা অভিযোগ করেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে হল সংস্কারের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও, সেই টাকা আবাসিক হলে ব্যয় না করে অধ্যক্ষ আব্দুল হালিম তার সরকারি বাসভবন সংস্কারে ব্যবহার করেছেন। শিক্ষার্থীরা এটিকে তাদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দেন। ছাত্রদলের একাংশও তাদের কর্মসূচিতে সংহতি জানায়।
অধ্যক্ষের জবাব ও প্রকৌশল অধিদপ্তরের বক্তব্য
এ অভিযোগের জবাবে অধ্যক্ষ আব্দুল হালিম বলেন, হলের অবস্থা খারাপ হলেও ছাত্রদের অভিযোগ সত্য নয়। তিনি জানান, এই অর্থ বছরে কলেজের অডিটোরিয়াম ও তার বাসভবনসহ কিছু অবকাঠামোগত উন্নয়নের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে মোট ৬৮ লাখ টাকা পাওয়া গেছে। তিনি দাবি করেন, এই অর্থ প্রকৌশলীদের মতামত নিয়েই ব্যয় করা হচ্ছে এবং এর প্রতিটি টাকার হিসাব তার কাছে রয়েছে।
ফরিদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেনও জানান, ভবনটি এতটাই জরাজীর্ণ যে কেবল সংস্কার সম্ভব নয়। পুরো ছাদ ভেঙে নতুন করে নির্মাণ, কলাম ও বিমের রেট্রোফিটিংয়ের মতো কাজগুলো অত্যন্ত ব্যয়বহুল। তিনি আরও বলেন, গত ১০ আগস্ট পুরোনো ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের জন্য সুপারিশ পাঠানো হয়েছে।
শিক্ষার্থীদের কঠোর অবস্থান
অধ্যক্ষের এই বক্তব্য নাকচ করে মাস্টার্সের শিক্ষার্থী মুশফিকুর রহিম বলেন, তাদের হলকে পরিত্যক্ত ঘোষণার ‘পাঁয়তারা’ চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংস্কার কাজ শুরু না হলে তারা কঠোর আন্দোলনে নামবেন এবং প্রয়োজনে অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন। শিক্ষার্থীরা সংস্কারের দাবিতে অটল থাকার কথা জানান।





















