ফরিদপুরে খাল দখল করে গড়ে ওঠা বসতি, পানিতে তলিয়ে গেল শত একর ফসল
- আপডেট সময় : ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 428
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী গ্রামে ভূবনেশ্বর নদের একটি শাখা খাল দখল করে গড়ে তোলা হয়েছে বসতি। এতে করে খালের স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। সম্প্রতি টানা ভারি বর্ষণের কারণে খাল দিয়ে পানি বের হতে না পারায় আশপাশের শত শত একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।
সড়ক অবরোধ করে কৃষকদের প্রতিবাদ
ক্ষোভে ফেটে পড়া কৃষকরা শনিবার (৩১ মে) সকাল থেকে কৃষ্ণপুর- বাড়ৈর হাট আঞ্চলিক সড়ক অবরোধ করেন। সড়কে গাছের গুঁড়ি ও বাঁশের বেড়া ফেলে খালটি দ্রুত দখলমুক্ত করার এবং পুনঃখননের দাবিতে আন্দোলনে অংশ নেন তারা। এ সময় বিক্ষুব্ধ কৃষকরা জানান, তারা দীর্ঘদিন ধরেই বিষয়টি প্রশাসনকে জানিয়ে আসছেন, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
কৃষকদের বক্তব্য: ‘ফসল রক্ষা করা গেল না’
প্রতিবাদকারী কৃষক আবুল হোসেন বলেন, “এই খালটাই ছিল আমাদের জমির প্রধান পানি নিষ্কাশনের পথ। এখন সেটা দখল করে ঘরবাড়ি তোলা হয়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি।”
স্থানীয় আরেক কৃষক মিজান ফকির জানান, “আমার এক একর জমির পাট সম্পূর্ণ পানির নিচে। পুরো মৌসুমের কষ্ট একেবারে নষ্ট হয়ে গেল। খাল দখল না হলে এমন হতো না।”
প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস
এ বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পারভীন বেগম বলেন, “খাল দখলের বিষয়টি আমাদের নজরে আছে। উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।




















