ইউএনও’র ফোনে ডিসি, পরীক্ষা কেন্দ্র ইস্যুতে ফরিদপুরে ছাত্রবিক্ষোভ
- আপডেট সময় : ১০:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 368
পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার সকাল ১১টা থেকে তারা তাদের ঐতিহ্যবাহী পরীক্ষা কেন্দ্রটি ফিরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন এবং পদ্মা নদী পার হয়ে পরীক্ষা দিতে যাওয়ার ভোগান্তির কথা তুলে ধরেন।
যে কারণে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীরা জানান, তাদের উপজেলাটি ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং পদ্মা নদী একে দুই ভাগে বিভক্ত করেছে। সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ সম্ভবত চর অঞ্চলের ভৌগোলিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণা না রেখেই কেন্দ্রটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা কীভাবে নদী পার হয়ে অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দেবে, সেই দুর্দশার কথা বর্ণনা করতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।
তারা আরও বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই কলেজটির রয়েছে দীর্ঘ ঐতিহ্য। এমনকি একসময় পার্শ্ববর্তী সদরপুরের শিক্ষার্থীরাও এখানে লেখাপড়া করতেন। তাই এই ঐতিহ্যবাহী কলেজের কেন্দ্রটি সরিয়ে নেওয়া তাদের জন্য চরম ভোগান্তির কারণ হবে।
প্রশাসনের আশ্বাসে আশার আলো
বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন ছাত্রদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে তিনি তাদের ডেকে এনেছেন। ছাত্রদের ১০ জনের একটি প্রতিনিধি দল (উর্মি, মাজিদুল, সাব্বির, শুভ, তানভির, হুসনা, সিনহা, সিনথিয়া, অঙ্কুর, নাইম) তার সঙ্গে দেখা করে।
ইউএনও তাদের সর্বোচ্চটুকু করার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। তিনি জানান, এ ব্যাপারে তিনি ডিসি স্যারের সাথে আলোচনা করেছেন এবং আগামীকাল সোমবার চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষকে ছাত্র প্রতিনিধিদের নিয়ে তার কাছে আসার জন্য বলেছেন। সবাই মিলে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।





















