ফরিদপুরের মহাসড়কে একই পরিবারের ৩ জনসহ নিহত ৬
- আপডেট সময় : ১১:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 143
ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ মোট ৬ জন নিহত হয়েছেন।
দ্বিতীয় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায়। বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকের চতুর্মুখী এই সংঘর্ষে একই পরিবারের তিনজন—সুমি বেগম, তাঁর স্বামী পলাশ এবং তাঁদের ৭ বছর বয়সী শিশুসন্তান শাওন নিহত হয়েছেন। তাঁদের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামে।
এর আগে বিকেল ৩টার দিকে একই মহাসড়কের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মাগুরার আরও ৩ জন নিহত হন।
চাকা বিস্ফোরণে উল্টে গেল ট্রাক: নিচে চাপা পড়ল ইজিবাইক ও কার!
করিমপুর হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে ফরিদপুর শহর থেকে বালু বোঝাই একটি দ্রুতগামী ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। তেঁতুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে ট্রাকটির তীব্র ঘষা লাগে। এতে বিকট শব্দে ট্রাকটির চাকা ফেটে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে পড়ে।
ঠিক তখনই পেছনে ও পাশে থাকা একটি প্রাইভেটকার এবং যাত্রী বোঝাই ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে সজোড়ে চাপা পড়ে! ইজিবাইকটি বালু ও ভারী ট্রাকের খাঁচায় সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে মাটির সঙ্গে মিশে যায় এবং প্রাইভেটকারটির সামনের অংশও চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
রেসকিউ টিম ও হাসপাতালে করুণ সমাপ্তি
ঘটনার আকস্মিকতায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা স্তূপ হয়ে থাকা বালু সরিয়ে ইজিবাইকের ভেতর থেকে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করেন। একই সাথে রেকার ও ক্রেনের সাহায্যে ভারী ট্রাকটি সরিয়ে প্রাইভেটকার থেকে আরও একজনকে উদ্ধার করা হয়।
সবাইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
মধুখালী ও কানাইপুর: একই বিকেলে মাগুরার ৬ লাশের মিছিল
এদিকে বিকেল ৩টার দিকে মধুখালীতে ‘কিং ফিশার’ বাসের ধাক্কায় চূর্ণ হওয়া অ্যাম্বুলেন্সের ৩ নিহত যাত্রীর পরিচয়ও নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন—মাগুরা সদর উপজেলার বারাসিয়া গ্রামের ধানান বিশ্বাসের ছেলে নূর মোহাম্মদ আরিক, বাসারত মোল্লার ছেলে রাব্বি মোল্লা এবং ১৮ খাদা এলাকার আবুজার মো. রুকুল্লাহর কন্যা তামান্না তাবাসসুম ঐশী।
মাত্র এক ঘণ্টার ব্যবধানে ফরিদপুরের মহাসড়কে মাগুরার দুই উপজেলার ৬ জন বাসিন্দার এই মর্মান্তিক মৃত্যুতে গোটা অঞ্চলে শোকের মাতম নেমে এসেছে।
পুলিশের বক্তব্য
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জোড়া ট্র্যাজেডির সত্যতা নিশ্চিত করে জানান, “বিকেল ৪টায় কানাইপুরের তেঁতুলতলায় বাসের ধাক্কায় ট্রাক উল্টে গিয়ে ইজিবাইক ও কারকে চাপা দেয়। এতে হাসপাতালে নেওয়ার পর একই পরিবারের ৩ জন মারা গেছেন।”
ওসি আরও জানান, “এর ঠিক এক ঘণ্টা আগে মধুখালীতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৩ জন মারা যান। দুর্ঘটনাকবলিত সবকটি যান আটক করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে।”











