সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: আটক ৫, বহিষ্কার বৈষম্যবিরোধী ৩ ছাত্রনেতা
- আপডেট সময় : ১২:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / 304
রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন, যাদেরকে ইতোমধ্যে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আটক ও বহিষ্কৃতদের পরিচয়
শনিবার রাতে গুলশান থানার ওসি হাফিজুর রহমান পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন:
মো. সাকাদাউন সিয়াম
সাদমান সাদাব
মো. আমিনুল ইসলাম
ইব্রাহীম হোসেন মুন্না
আব্দুর রাজ্জাক রিয়াদ
আটককৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, এবং সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব রয়েছেন।
সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার
শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।





















