ট্রাম্পের নতুন সুর: ‘মেক ইরান গ্রেট এগেইন’ স্লোগান, শাসন পরিবর্তনের ইঙ্গিত
- আপডেট সময় : ০১:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 259
জাতিসংঘে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্র একটি বানোয়াট ও অযৌক্তিক অজুহাতে ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধ চাপিয়েছে’। রবিবার (২২ জুন, ২০২৫) জাতিসংঘ সদর দফতরে নিরাপত্তা পরিষদে ইরানের ডাকা জরুরি বৈঠকে তিনি এই অভিযোগ করেন। ইরাভানি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট আগ্রাসনের’ বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইরানের আছে।
ইরানি প্রতিনিধি আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপেই যুক্তরাষ্ট্র ‘অযথা ও ব্যয়বহুল’ যুদ্ধে জড়িয়েছে। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেন। ইরাভানি বলেন, ‘যথাযথ জবাব কখন, কীভাবে এবং কতটা দেয়া হবে’, তা ইরানের সশস্ত্র বাহিনীই ঠিক করবে।
পারমাণবিক মিথ্যাচার ও আন্তর্জাতিক নীরবতা
ইরাভানি অভিযোগ করেন, ইসরায়েল একটি ‘মিথ্যা ও প্রতারণামূলক গল্প’ ছড়িয়েছে যে, ইরান ‘পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে’। তিনি এই বিষয়ে আন্তর্জাতিক সংস্থা এবং কিছু পশ্চিমা দেশ, যেমন ফ্রান্স ও যুক্তরাজ্যের নীরবতা, দ্বিচারিতা ও সহযোগিতাকে সমানভাবে নিন্দনীয় বলে মন্তব্য করেন।
ইরানের প্রতিনিধি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সম্পূর্ণভাবে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।
চীন ও রাশিয়ার সমর্থন, ট্রাম্পের নতুন স্লোগান
এদিকে, নিরাপত্তা পরিষদের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে চীন ও রাশিয়ার প্রতিনিধিরা। রাশিয়ার প্রতিনিধি আমেরিকার হামলাকে ‘দায়িত্ব জ্ঞানহীন’ বলে সমালোচনা করেছেন, আর চীনের প্রতিনিধি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’।
অন্যদিকে, ইরানের বর্তমান শাসনব্যবস্থা নিয়ে আবারও মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, ইরান যদি ‘আবার মহান’ হতে না পারে, তাহলে কেন সেই শাসনব্যবস্থা বদলানো হবে না?
রবিবার ট্রাম্প লিখেছেন, “‘শাসন পরিবর্তন’ শব্দটা রাজনৈতিকভাবে সঠিক না হলেও, যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান করে তুলতে না পারে-তাহলে পরিবর্তন আসবে না কেন???” পোস্টের শেষে তিনি লেখেন, ‘MIGA!!!’—অর্থাৎ ‘Make Iran Great Again’, যা তার বিখ্যাত স্লোগান ‘Make America Great Again’ (MAGA)-এর অনুকরণে তৈরি।


























