খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি: জব্দ ৫ কোটি টাকা

- আপডেট সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 290
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের নির্দেশে এসব হিসাবে থাকা মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।
সন্দেহজনক লেনদেন ও তদন্ত
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডি’র অনুসন্ধানে পাওয়া বিভিন্ন প্রতিবেদন ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে দেখা যায়, মোতাল্লেস হোসেন এবং তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবগুলোতে প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অর্থপাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এসব লেনদেনের কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজও চলছে।
প্রতারণার ধরন ও পরবর্তী পদক্ষেপ
সিআইডি আরও জানায়, প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এই ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহভাজনদের শনাক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মোতাল্লেস হোসেন বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং নিজেকে তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।


























