ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেফতার
- আপডেট সময় : ১২:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 280
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমান উল্লাহ সাগর মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক। তিনি উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা।
ঘটনার পটভূমি:
মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসার ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে মদন উপজেলা সদরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান যে, শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা।
এই ঘটনায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমান উল্লাহ সাগর ও তার ভাইকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আইনগত ব্যবস্থা:
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, র্যাব কর্তৃক গ্রেফতারের পর বুধবার দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামিকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।





















