আসন্ন নির্বাচনে ভোট প্রচারণায় থাকছে না পোস্টার : ইসি
- আপডেট সময় : ০৪:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 253
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম ‘পোস্টার’ থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করে বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ইসি সচিব মো. আখতার আহমেদ ও এনআইডি ডিজি এসএম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
নতুন আচরণবিধি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। তবে এটি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন সাপেক্ষে কার্যকর হবে।
তিনি বলেন, “সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার থাকছে না। বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।” তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, বিদেশি অর্থায়নে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করা যাবে না।
অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিধিমালা
নতুন বিধিমালায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, কোনো ব্যক্তি যদি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হয়ে থাকেন এবং নির্বাচনে প্রার্থী হন, তাহলে তাকে পদত্যাগ করতে হবে।
নির্বাচন কমিশনার আরও জানান, রিটার্নিং কর্মকর্তারা একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করবেন, যেখানে ওই আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরতে পারবেন। এছাড়া প্রার্থীরা বাতিলের ক্ষেত্রে আরপিও’র ৯১/ঙ আচরণ বিধিতে সন্নিবেশিত করা হয়েছে।





















