হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ আটক ৩
- আপডেট সময় : ১২:১৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 594
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: এই হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মনিকা এবং শ্যালক শিপু।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের কাছ থেকে মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গুলি চালানো ব্যক্তিরা চিহ্নিত
এদিকে, পুলিশ শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটরসাইকেল চালককে চিহ্নিত করার তথ্য জানিয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, এই ঘটনায় চিহ্নিত দুইজন হলো—ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণাকালে চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।











