ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ
- আপডেট সময় : ০৮:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 70
দীর্ঘ ১৭ বছরের জেল-জুলুম, হামলা-মামলা ও গুমের বিভীষিকা পার করে রক্তক্ষয়ী ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ যখন এক নতুন স্থিতিশীলতার মুখ দেখছে, ঠিক তখনই নেপথ্যে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চক্রান্ত! এমনটাই অভিযোগ তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বি এন পির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বি এন পি আয়োজিত দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই রাজনৈতিক তোপ দাগেন।
নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে বি এন পি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীর গগনবিদারী স্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে নগরকান্দা এমএন একাডেমি মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত জনসভায় রূপ নেয়।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শামা ওবায়েদ বলেন, “আমরা গত ১৭ বছর ধরে নির্যাতন দেখেছি, রাজপথে সহযোদ্ধাদের রক্ত ঝরতে দেখেছি। ছাত্র-জনতা যখন স্বৈরাচারকে পরাজিত করে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই সুচতুরভাবে আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।”
জামায়াতে ইসলামীকে নাম না করে সরাসরি নিশানায় এনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিরোধী দল হিসেবে যাদের দায়িত্বশীল ভূমিকা রাখার কথা ছিল, তারা যদি তা না করে সুযোগসন্ধানী রাজনীতি করে—আর সেই ফাঁকে যদি ফ্যাসিবাদ আবার ফিরে আসে, তবে তার একক দায় ওই গুপ্ত জামায়াতকেই বহন করতে হবে।”
‘বিদ্যুৎ খাতের লুটপাট ও সুচারু পরিবর্তনের অঙ্গীকার’
সাবেক সরকারের আমলের দুর্নীতির কড়া সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, “গত ১৭ বছরে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি হরিলুট ও দুর্নীতি সংঘটিত হয়েছে।” তিনি আরও যোগ করেন, ইউনূস সরকারের সময়ও এই খাতের অচল অবস্থা নিরসনে কোনো দৃশ্যমান কাজ হয়নি।
তবে বর্তমান সরকার অত্যন্ত সুচারুভাবে বিদ্যুৎ খাতকে স্বাভাবিক ও শক্তিশালী করার নিরলস চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “অন্যের ওপর নির্ভর না করে নিজেদের সম্পদ ও প্রাকৃতিক সক্ষমতাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ওপর এবার সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার।”
অনুপ্রবেশকারী রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা
বক্তব্যের শেষভাগে দলীয় নেতাকর্মীদের পাহাড়ে প্রহরীর মতো সতর্ক থাকার আহ্বান জানান শামা ওবায়েদ। তিনি বলেন, “আমাদের আন্দোলন ও রক্ত যেন বিফলে না যায়। দলের ভেতরে যেন কোনো স্বৈরাচারী বা অপশক্তি ছদ্মবেশে প্রবেশ করে বি এন পির ভাবমূর্তি নষ্ট করতে না পারে, সে বিষয়ে তৃণমূলকে সজাগ থাকতে হবে।”
একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বলেন, “যারা মহান মুক্তিযোদ্ধাদের অবদানকে আড়াল করতে চায় কিংবা তাঁদের কোনোভাবে অপমান করার চেষ্টা করে, বি এন পি তাদের বিরুদ্ধে সবসময়ই বজ্রকঠিন অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”











