আই হ্যাভ এ প্ল্যান: তারেক রহমান
- আপডেট সময় : ০৬:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 277
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। মার্টিন লুথার কিং-এর বিখ্যাত উক্তি স্মরণ করে তারেক রহমান বলেন, “মার্টিন লুথার কিং বলেছিলেন— আই হ্যাভ এ ড্রিম। আমি আজ বলছি— আই হ্যাভ এ প্ল্যান। আর এই পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের প্রত্যেককে কাজ করতে হবে।”
শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয়:
বিশাল জনসমুদ্রে উপস্থিত জনগণের উদ্দেশে তারেক রহমান বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে তিনি সমমনা দলগুলোর শীর্ষ নেতা, দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে সাথে নিয়ে এগোতে চান। তিনি বলেন, “আমার একটি পরিকল্পনা আছে দেশের মানুষের উন্নয়নের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন।”
গণতন্ত্র ও স্বাধীনতার লড়াই:
জনমানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের মতো ২০২৪ সালেও এ দেশের ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ দেশের স্বাধীনতা রক্ষা করেছে। দেশের মানুষ এখন তাদের কথা বলার অধিকার ও প্রকৃত স্বাধীনতা ফিরে পেতে চায়। ভাষণ শেষে তিনি নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের নিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
নেতাকর্মীদের বাঁধভাঙা জোয়ার:
এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় বুলেটপ্রুফ বাসে করে তিনি সংবর্ধনা স্থলে পৌঁছান। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা লাখো নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বক্তব্যে দীর্ঘ দেড় যুগ দূর থেকে সফলভাবে দল পরিচালনার জন্য তারেক রহমানকে স্বাগত জানান।


























