ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের
- আপডেট সময় : ০৮:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 205
দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিনের নির্বাসন কাটিয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরে দেশবাসীকে ইনসাফের শাসনের বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি এই ঐতিহাসিক ভাষণ দেন। বেলা ৩টা ৫০ মিনিটে মঞ্চে উঠে ‘প্রিয় বাংলাদেশ’ সম্বোধনের মাধ্যমে তিনি তাঁর বক্তব্য শুরু করেন।
নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন:
তারেক রহমান তাঁর ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। একজন নারী, পুরুষ বা শিশু—যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হয়ে যেন আবার নিরাপদে ঘরে ফিরতে পারে, সেই নিশ্চয়তা আমরা দেব।”
‘আই হ্যাভ আ প্ল্যান’:
আমেরিকান নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং-এর ‘আই হ্যাভ আ ড্রিম’ বক্তৃতার সূত্র টেনে তারেক রহমান বলেন, “আজ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই— আই হ্যাভ আ প্ল্যান। এই পরিকল্পনা দেশের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের জন্য। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে সারা বাংলাদেশের গণতন্ত্রকামী প্রতিটি মানুষের সহযোগিতা আমার লাগবে।”
ন্যায়পরায়ণতার অঙ্গীকার ও প্রার্থনা:
বক্তব্যের একপর্যায়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মহান আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করেন। তিনি বলেন, “আল্লাহর রহমত থাকলে আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারবো।” একইসাথে তিনি প্রতিজ্ঞা করেন যে, আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করে।


























