গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়, ষড়যন্ত্রের পথে নির্বাচন: তারেক রহমান
- আপডেট সময় : ০৭:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 188
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি মনে করেন, যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দেশের গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। রোববার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, এক অশুভ ও অদৃশ্য শক্তির তৎপরতা এখন দৃশ্যমান হচ্ছে এবং কিছু দল পরিকল্পিতভাবে নানা শর্ত আরোপ করে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে।
সংস্কার নয়, কার্যকর গণতান্ত্রিক চর্চা জরুরি
তারেক রহমান বলেন, শুধু পুঁথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কারের প্রয়োজনীয়তার সঙ্গে একমত পোষণ করেন। তবে একই সাথে তিনি সতর্ক করে বলেন যে, জনগণের অধিকার চর্চা ও প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে এমন কোনো সংস্কার কখনো টেকসই হতে পারে না।
তিনি আরও বলেন, পরাজিত ও পলাতক স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের অভিপ্রায়েরই সরকার। তবে এই সরকারের কাছে একটি দক্ষ ও জবাবদিহি মূলক রাজনৈতিক সরকারের মতো পারফরম্যান্স আশা করা যৌক্তিক নয়। তার মতে, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, তাদের দুর্বলতা ততই বেশি দৃশ্যমান হবে।
নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা ও দৃঢ় প্রত্যয়
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপি মনে করে রাজনীতি মানে কেবল প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং জনগণের জীবনমানের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করা। সে লক্ষ্যে বিএনপি বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করেছে, যার বিস্তারিত পেপারওয়ার্কের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আসন্ন নির্বাচনে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নানারকম ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কখনো পিছপা হয়নি, ভবিষ্যতেও হবে না।

























