শুল্কযুদ্ধের জেরে ট্রাম্পের চার ফোন ধরেননি মোদি
- আপডেট সময় : ০৯:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / 269
সম্প্রতি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলা তীব্র টানাপোড়েনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারবার ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিন্তু এর কোনোটিতেই মোদি সাড়া দেননি বলে দাবি করেছে জার্মানির ‘ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জেইটুঙ্গ (ফাজ)’ এবং জাপানের ‘নিক্কেই এশিয়া’ নামের দুটি আন্তর্জাতিক সংবাদপত্র।
ভারতীয় গণমাধ্যম এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
কেন ফোন ধরেননি মোদি
ফাজ-এর প্রতিবেদন অনুযায়ী, শুল্কযুদ্ধের আবহে ভারতের কৃষি ও ডেইরি বাজার উন্মুক্ত করার জন্য ট্রাম্প প্রশাসন প্রবল চাপ দিচ্ছিল। মোদি ফোন না ধরে সেই চাপ প্রতিহত করতে চেয়েছেন। একই সঙ্গে তিনি এটাও বোঝাতে চেয়েছেন যে, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি নয়।
ফাজের মতে, মোদির এই পদক্ষেপ শুধু তার ‘ক্রোধের গভীরতা’ নয়, বরং এটি তার ‘সতর্ক পদক্ষেপেরও’ প্রতিফলন। পত্রিকাটি লিখেছে, ট্রাম্পের এই আচরণে মোদি সম্ভবত অপমানিত বোধ করেছেন।
এদিকে, জাপানি সংবাদপত্র নিক্কেই এশিয়া জানিয়েছে, ফোন না ধরার মাধ্যমে মোদি বুঝিয়ে দিয়েছেন যে তিনি ট্রাম্পকে এড়িয়ে যেতে চাইছেন, যা ট্রাম্পের হতাশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
ভারত কি চীনের দিকে ঝুঁকছে?
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের নীতির কারণে ভারত চীনের দিকে আরও বেশি করে ঝুঁকছে কি না, সেই প্রশ্ন উঠেছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মোদির সাম্প্রতিক বৈঠকের পর থেকে দিল্লির মনোভাব কিছুটা বদলাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলতি মাসের শেষে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ বৈঠকে যোগ দিতে মোদি চীন যাচ্ছেন, যা এই ধারণাকে আরও জোরালো করেছে।
সংবাদপত্র দুটির মতে, এই শুল্কযুদ্ধে ভারত যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নোয়াবে না। তারা উভয়েই এই খবর সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে।


























