কুষ্টিয়ায় শোবার ঘরে ঝুলে ছিল নারী পুলিশ সদস্যের লাশ
- আপডেট সময় : ১২:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / 159
কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় ভাড়া বাসার শোবার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে ছিল এক নারী পুলিশ সদস্যের লাশ। গতকাল বুধবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ। এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
লাশ উদ্ধার হওয়া নারীর নাম রুবিনা খাতুন (২৮)। তিনি কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশে কর্মরত ছিলেন। রুবিনা মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আবদুল শেখের মেয়ে। তাঁর স্বামীর নাম আলাল শেখ (৩০)। তিনি একই উপজেলার রতনপুর গ্রামের ফজলু শেখের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের কমলাপুর এলাকায় একটি বহুতল ভবনের তৃতীয় তলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন রুবিনা খাতুন। ২০১৩ সালে তিনি পুলিশে যোগদান করেন। এরপর কুষ্টিয়ার বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। সর্বশেষ আড়াই বছর ধরে কুষ্টিয়া আদালত পুলিশে কর্মরত ছিলেন। ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে দুই ছেলেমেয়ে নানা বাড়িতে বেড়াতে যায়। আর স্বামী-স্ত্রী দুজনে বাসাতেই ছিলেন।



















