দুর্নীতির চক্রে সেনা-বিমান-গোয়েন্দা প্রধান: ১০ শীর্ষ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযান
- আপডেট সময় : ১২:৫৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / 311
২০২৪ সালের জুলাই-অগাস্টের গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এর পরপরই দেশে রাজনৈতিক রদবদল শুরু হয় এবং জনদাবির মুখে দুর্নীতি দমন কমিশন (দুদক) উচ্চ পর্যায়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত জোরদার করে। এ তালিকায় শুধু সাবেক মন্ত্রী বা আমলা নয়, সেনাবাহিনী, বিমানবাহিনী ও গোয়েন্দা সংস্থার ১০ জন প্রভাবশালী সাবেক সামরিক কর্মকর্তাও রয়েছেন।
ভয়াবহ দুর্নীতির চিত্রে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বাড়ি কেনা ও ব্যবসার তথ্য দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে। আজিজ রেসিডেন্স নামক বিলাসবহুল বাংলোসহ ঢাকার বিভিন্ন স্থানে তার স্থাবর সম্পদের প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্র ২০২৪ সালের ২০ মে তার ও পরিবারের ভিসা বাতিল করে।
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ
২০২১-২০২৪ মেয়াদে দায়িত্ব পালন করা এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান বিপুল পরিমাণ অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের নজরদারিতে আছেন। ঢাকার ফ্ল্যাট ও নারায়ণগঞ্জের জমিসহ তার সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। বিদেশ যাত্রাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এনএসআইয়ের সাবেক ডিজি টি এম জোবায়েরের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার
সাবেক এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়েরের বিরুদ্ধে ৩০ লাখ পাউন্ড লন্ডনে পাচার, ঘুষ গ্রহণ ও ভয়ভীতি দেখিয়ে সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন। তার ও স্ত্রীর নামে থাকা পাঁচটি ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
রাজউকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের অনিয়ম
রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান পূর্বাচলসহ বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তাকে বরখাস্ত করার পর পুনরায় নিয়োগ দেওয়া হলেও আবারও চাকরিচ্যুত করা হয়। তার ও স্ত্রীর বিদেশযাত্রায় আদালত নিষেধাজ্ঞা দিয়েছে।
প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব সালাউদ্দিন মিয়াজীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজীর বিরুদ্ধে জমি দখল, পার্ক নির্মাণে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে। যৌথ বাহিনী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
ডিজিএফআইয়ের সাবেক প্রধান হামিদুল হক
মেজর জেনারেল (অব.) হামিদুল হক ও তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অনুসন্ধান চালাচ্ছে। আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।
এসএসএফের সাবেক ডিজি মুজিবুর রহমানের জব্দকৃত সম্পদ
ফ্যাসিস্ট সরকারের নিরাপত্তাপ্রধান মেজর জেনারেল (অব.) মো. মজিবুর রহমান ও তার স্ত্রীর নামে দুটি ফ্ল্যাট, ১০টি প্লট ও দুটি বাড়ি জব্দ করেছে দুদক। ১৬টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ পতনের এক মাস পর তাকে বরখাস্ত করা হয়।
মালয়েশিয়ার শ্রমবাজারে দুর্নীতি: মাসুদ উদ্দিন চৌধুরী
সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমবাজারে অবৈধ ব্যবসার অভিযোগে ১৬টি মামলা হয়েছে। ফেনীর নিজাম হাজারী, আইজিপি বেনজীর আহমেদসহ অন্যদেরও নাম রয়েছে এই দুর্নীতিতে। তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান।
এনটিএমসির সাবেক ডিজি জিয়াউলের বিরুদ্ধে ৩৪২ কোটি টাকার লেনদেন তদন্তাধীন
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল হকের বিরুদ্ধে ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছে। দুদক তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে।


























