ফরিদপুর বিএনপিতে তোলপাড়: দুই শীর্ষ নেতাকে কেন্দ্রের শোকজ
- আপডেট সময় : ১২:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 1794
সাংগঠনিক পরামর্শ অমান্য করে বিভিন্ন উপজেলা ও পৌর কমিটি গঠনে পক্ষপাতিত্বের অভিযোগে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ও সদস্যসচিব এ কে এম কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। আগামী সাত দিনের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
গত শুক্রবার ফরিদপুর বিভাগের দল পুনর্গঠন-সংক্রান্ত সাংগঠনিক টিমের পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া।
নোটিশে যা বলা হয়েছে
নোটিশে বলা হয়েছে, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক টিমের পরামর্শ অমান্য করে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হয়েছে। বিশেষভাবে একটি নির্দিষ্ট পক্ষের হয়ে কমিটি গঠনের অভিযোগ এসেছে।
এ বিষয়ে জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে প্রশ্ন করা হয়েছে, কমিটিগুলো কীসের ভিত্তিতে এবং কোন প্রক্রিয়ায় গঠন করা হয়েছে, তা তথ্যপ্রমাণসহ লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে। নোটিশে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক টিম প্রধান আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান।
জেলা বিএনপির প্রতিক্রিয়া
জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, “বোয়ালমারী ও মধুখালীর কমিটি দুই মাস আগেই ঘোষণা করা হয়েছে। এর আগে কোনো অভিযোগ আসেনি। তাই ফরিদপুর সাংগঠনিক দলের এই কারণ দর্শানোর চিঠির কোনো কারণ খুঁজে পাচ্ছি না।”
তিনি জানান, নোটিশ পাওয়ায় তারা সাত দিনের মধ্যে তথ্যপ্রমাণসহ লিখিত জবাব জমা দেবেন।
উল্লেখ্য, বোয়ালমারী ও মধুখালীর কমিটি ইতিমধ্যে ঘোষণা করা হলেও, আলফাডাঙ্গায় দুই পক্ষের বিরোধের কারণে এখনো কমিটি ঘোষণা করা হয়নি।


















