লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার দেবে সরকার
- আপডেট সময় : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 264
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঘোষণা দিয়েছেন।
অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য একটি সার্কুলার জারি করা হচ্ছে এবং একটি পুরস্কারও ঘোষণা করা হবে। তিনি বলেন, “যে তথ্য দেবে, তাকে আমরা কত টাকা দিতে পারি, সে বিষয়টি একটি কমিটি গঠন করে দু-চার দিনের মধ্যে হয়তো মিডিয়ায় ঘোষণা দিয়ে দেব।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার পতনের পর বিভিন্ন থানা-ফাঁড়িসহ পুলিশের নানা স্থাপনা থেকে মোট ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি গোলাবারুদ লুট হয়েছিল। এর মধ্যে এখনও ৭০০টিরও বেশি অস্ত্রের কোনো খোঁজ মেলেনি।
লুট হওয়া অস্ত্রের ধরন
লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড এবং বিভিন্ন বোরের গুলি। গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে।


























