‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল: ৫ আগস্ট হবে ‘গণঅভ্যুত্থান দিবস’
- আপডেট সময় : ০৩:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 336
৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের সরকারি সিদ্ধান্ত অবশেষে বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও আপত্তির ঝড় উঠেছিল। রোববার (২৯ জুন, ২০২৫) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে, ৮ আগস্ট কোনো দিবস পালিত হচ্ছে না, এর পরিবর্তে ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে।
শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানান, রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘জুলাই শহীদ দিবস’ ও পূর্ববর্তী ঘোষণা
উপদেষ্টা পরিষদ একইসঙ্গে আগামী ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণার কথা জানানো হয়েছিল। ওই পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছিল। দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছিল। তবে সর্বস্তরের জোরালো আপত্তির মুখে আজ সেই বিতর্কিত সিদ্ধান্ত বাতিল হয়ে গেল।
সর্বস্তরে সমালোচনার ঝড়
৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল এবং বুদ্ধিজীবীদের অনেকেই এ প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল, যা সরকারকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে।
















