রোগী সেজে, বোরকার আড়ালে ৩ কোটি টাকার ইয়াবা: ক্যানুলাসহ ৩ নারী আটক
- আপডেট সময় : ১১:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 459
রোগী সেজে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ১৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৪২ লাখ টাকা। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ক্যানুলা লাগিয়ে রোগী সেজে পাচার চেষ্টা
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের রামু উপজেলার মরিচ্যা যৌথ তল্লাশিচৌকি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এই তিন নারীকে আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম রঙ্গীখালী এলাকার সাবেকুন নাহার (৪০), আমিনা আক্তার (৩০) ও সুমাইয়া আক্তার (২১)।
রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান ও ইয়াবা উদ্ধার
বিজিবি জানায়, রামু ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মরিচ্যা তল্লাশিচৌকি এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোয়ালিয়া এলাকা থেকে আসা একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। তখন দেখা যায়, যাত্রীদের একজন সুমাইয়া আক্তারের হাতের শিরায় ক্যানুলা লাগানো।
আটক তিন নারীই নিজেদের রোগী ও স্বজন হিসেবে পরিচয় দেন। তবে তাদের কথাবার্তায় সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাশি করেন। পরে তাদের পরিহিত বোরকার ভেতরে বিশেষ কায়দায় শরীরে লুকিয়ে রাখা অবস্থায় মোট ১ লাখ ১৪ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৪২ লাখ টাকা।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মাহতাব উদ্দিন জানান, আটক তিন নারীকে রামু থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।





















